২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গের প্রকোপ কমছেই না। আজ রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছিল। বাকি চার শিশুর মধ্যে হামের উপসর্গ ছিল। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯৬৯ শিশু আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হাম শনাক্ত হয়ে ঢাকায় একজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় দুইজন এবং সিলেট ও বরিশালে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ শিশুর। একই সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ১৩ হাজার ৫০০ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৮০। এ সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আক্রান্ত শিশুদের মধ্যে ৯০ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে ৩৬৫ জন, চট্টগ্রামে ১৫৯, বরিশালে ১১৭, সিলেটে ৭৪, খুলনায় ৪৬, ময়মনসিংহে ৪১, রাজশাহীতে ২৯ এবং রংপুর বিভাগে ১৮ জন রয়েছে।
এদিকে, হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে-২৮৭ জন। এরপর সিলেটে ৯০, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৬৩, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, খুলনায় ২৯ এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম বা হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে রোগটির বিস্তার রোধে জাতীয় টিকাদান কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।
তথ্যসূত্র
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর।
What's Your Reaction?